Monday, 16 December 2019

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে...


মানুষের শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ প্রতিরোধে এনএরসি/সিএএ বিদায় নিক
অনিন্দ্য ভট্টাচার্য


খুব দ্রুত পাস করিয়ে নেওয়া হল নাগরিকত্ব সংশোধনী বিল। রাতারাতি রাষ্ট্রপতিও সই দিয়ে দিলেন। আর আগেই দিল্লির শাহ হুমকি দিয়ে রেখেছেন, সারা দেশে এনআরসি হবে। দুয়ে দুয়ে খুব সহজেই মেলানোর নিকৃষ্ট প্রবৃত্তিটিও অতএব স্পষ্ট হল।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সঙ্গে ২০১৯’এর সংশোধনী মারফত তাহলে কী কী যোগ হল? মূলত তিনটি উপাদান। এক, ভারতীয় নাগরিকত্ব পেতে হলে আগে এ দেশে ১১ বছর থাকার যে ন্যূনতম বিধিটি ছিল তাকে কমিয়ে অন্তত ৫ বছর করা হল। দুই, আগে কোনও দেশের কথা নির্দিষ্ট ভাবে বলা ছিল না, এবারে তিনটি দেশ– আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ– বিশেষ উল্লেখ ও গুরুত্ব পেল। তিন, বলা হল, এই তিন দেশ থেকে ‘অত্যাচারিত সংখ্যালঘু’রা (হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ও পারসি) আমাদের দেশে এসে অন্তত পাঁচ বছর বসবাস করলে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন।

বেশ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা এক, তিনটি দেশ থেকে আগত ছটি ধর্মীয় সম্প্রদায়ের নাম উচ্চকিত ভাবে ঘোষণা দিয়ে তাদের পাঁচ’ বছর বসবাসেই নাগরিকত্ব পাওয়ার যে অধিকারটির জানান দেওয়া হল, তার পেছনে আসলে আরও এক অনুচ্চারিত উচ্চনাদ ছিল। তা হল, মুসলমানদের বাদ দেওয়া। এই মুসলমানদের বাদ দেওয়ার বিষয়টি খুব উচ্চৈস্বরে শোনানোটাই ছিল আসল উদ্দেশ্য; আর তা করা হল সংশোধনীতে এক কঠোর নিরুচ্চারিত উৎপাটনের মধ্য দিয়েই। সমস্যা দুই, দীর্ঘদিন ধরে অসমে বসবাসকারী শরণার্থী ও স্থানীয় জনজাতিদের মধ্যে এক স্থায়ী সংঘর্ষের বাতাবরণও তৈরি করা হল। এর থেকে নিষ্কৃতির আপাতত আর কোনও পথই রইল না।

ফলত, যারা এই ব্যতিক্রম নিয়ে চিন্তিত হয়ে পড়বেন, তাঁদের দিকে এরপরেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হবে- যে তিন দেশের কথা বলা হয়েছে সেগুলো তো সব মুসলমান অধ্যুষিত দেশ, সেখানে কীভাবে মুসলমানদের অত্যাচারিত সংখ্যালঘু হয়ে দেশ ছাড়ার প্রসঙ্গ উঠছে? বেশ। যদি তাই হবে, তাহলে এ দেশে উচ্চবর্ণের হাতে দলিত নির্যাতনের এত এত ঘটনা ঘটে কেন আর সে কারণে দলিতদের জন্য আলাদা আইন ও রক্ষাকবচই বা কেন? দলিত ও উচ্চবর্ণ উভয়েই তো হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত। তার মানে, একটি ধর্মের মধ্যেও নানারকমের বিভাজন ও গোষ্ঠী থাকতে পারে ও সে ধর্মেও এক অংশের দ্বারা অপর অংশের নিপীড়ন চলতেই পারে। তেমনই মুসলমানদের মধ্যেও নানান বিভাজন ও পক্ষ আছে যারা তাদের প্রতিপক্ষকে নিপীড়ন ও অত্যাচার করে। এই কারণেই আহমেদিয়া ও সুফি সম্প্রদায়ের মুসলমানেরা তাদেরই অপর পক্ষের দ্বারা যথেষ্ট নিপীড়িত হয়ে ভিটেমাটি ছাড়া হয়ে বিপন্ন জীবন যাপন করেন। সে ক্ষেত্রে এই অত্যাচারিত গোষ্ঠীটির প্রতি সংশোধনী আইনে বেয়াদপি করা হয়েছে। তারা ব্যাপক অর্থে মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত বলে, অত্যাচারিত হওয়া সত্ত্বেও, তাদের উপেক্ষা করে এক চরম বৈষম্যের পরিচয় দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর নাস্তিক মনোভাবাপন্ন মানুষ যারা তাদের নাস্তিক অবস্থানের কারণেও অত্যাচারিত হন, অথচ তাদের জন্যও রইল না কোনও বিধিব্যবস্থা। এইসব অযাচিত প্রশ্নে ক্ষিপ্ত হয়ে এই আইনের হয়ে যারা ওকালতি করছেন, তারা বড়জোর বলে দিচ্ছেন যে পুরনো আইনে যেভাবে নাগরিকত্ব পাওয়ার কথা সে ভাবেই তারা তা পাবেন। কেন বাপু? তুমি অন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য যে সুবিধা দিলে সেই সুবিধা কেন এনারাও পাবেন না? এই প্রশ্নই সারা দেশকে উত্তাল করে তুলেছে।

এ তো গেল একটা ছবি। কিন্তু আরও একটি ভিন্ন ছবি এর সঙ্গে জুড়ে আছে। উত্তর-পূর্ব রাজ্যগুলির তরফে বারবার সতর্ক করা সত্ত্বেও বিজেপি সরকার কোনও ভ্রূক্ষেপ না করেই নাগরিকত্ব সংশোধনী বিলটিকে আইনে পরিণত করেছে। এই রাজ্যগুলিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। কারণ, এর সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে আছে নাগরিক পঞ্জীর বিষয়টি। ১৯৫১ সাল থেকে অসম ও পরে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে নাগরিক পঞ্জীর রূপায়ন একটি প্রবল দাবি ও সমস্যা। পরে গত শতকের ৮০-র দশকে অসমে উত্তাল ‘বঙ্গাল খেদাও’ আন্দোলনে ১৯৮৫ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আসু ও আন্দোলনকারীদের একটি চুক্তি হয় যেখানে স্পষ্টতই বলা ছিল, ২৪ মার্চ ১৯৭১ সালকে কাট-অফ ডেট করে নাগরিক পঞ্জীতে ভারতীয় নাগরিকদের নাম নথিভুক্ত করা হবে ও উক্ত তারিখের পরে আসা ‘বিদেশি’দের অসম ত্যাগ করতে হবে। বুঝতে হবে, ১৯৪৭-এর দেশভাগ (যা সাধারণ জনের ওপর সম্পূর্ণত ওপর থেকে চাপিয়ে দেওয়া একটি সিদ্ধান্ত ছিল) ও ১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধ, যার ফলে ওপার বাংলা থেকে কয়েক লক্ষ শরণার্থী ও উদ্বাস্তু এ দেশে নিরুপায় হয়ে প্রবেশ করেন যার ফলে অসম, ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অসম্ভব এক জনস্ফীতি হয় যা মূলত জনজাতি অধ্যুষিত এইসব এলাকায় ছোট ছোট জাতিসত্তাগুলির পরিচয়, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে প্রভূত সমস্যা তৈরি করে। এঁদের পক্ষে অনেকটা তা নিজ ভূমে পরবাসীর মতো পরিস্থিতি তৈরি হয়। যেমন, দেখা যাচ্ছে, ১৯৩৫ সালে ত্রিপুরায় যেখানে মোট জনসংখ্যার ৯৫ শতাংশ ছিল তিপরা বা তিপরি ও অন্যান্য উপজাতি, সেখানে ১৯৯১ সালেই তাদের অনুপাত নেমে এসেছে ৩৫ শতাংশে। ফলে, নাগরিকত্ব আইন পাস হওয়ায় এইসব রাজ্যে যে অ-মুসলমান শরণার্থীরা আছেন তাঁরা নাগরিকত্ব পেয়ে গেলে স্থানীয় জনজাতি অধিবাসীদের কাছে তা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো অবস্থা হবে বলে তাঁদের আশঙ্কা। যদিও ইতিমধ্যে এমন বহু শরণার্থীরা নাগরিকত্ব পেয়ে গেছেন বলেই এনআরসি চালু করাটা আবার তাঁদের অন্যতম দাবি। এই সত্যকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু নাগরিকত্ব আইনের বলে অমুসলমানদের ক্ষেত্রে নাগরিক পঞ্জীর আর কোনও তাৎপর্যই থাকছে না। এই অবস্থাটি তাঁদের কাছে বিজেপির তরফে বিশ্বাসঘাতকতা স্বরূপ মনে হয়েছে এবং তাঁরা এক দীর্ঘস্থায়ী আন্দোলনে সামিল হয়েছেন।


এই গোটা পরিপ্রেক্ষিতে এবার আমাদের বুঝতে হবে এনআরসি বা নাগরিক পঞ্জীর রহস্যটিকে। প্রথমেই স্পষ্ট করে নেওয়া যাক, এনআরসি বা নাগরিক পঞ্জীতে নাম নথিভুক্ত করার বিষয়টি ১৯৫১ সালে শুধুমাত্র অসমের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল এবং সেখান থেকেই প্রক্রিয়াটির সূত্রপাত। দেশভাগের পর পশ্চিমবঙ্গে যে এত বড় জনস্রোত ঢোকে তা সত্ত্বেও কিন্তু এ রাজ্যে নাগরিক পঞ্জীর প্রসঙ্গ ওঠেনি। কারণ, নানা ভাবে এ রাজ্যের বাঙালি সংস্কৃতির সঙ্গে উৎখাত হয়ে আসা বাঙালিদের এক করুণাঘন সখ্য বজায় ছিল ও দুই বাংলার চিরন্তন জাতিগত শিকড়ের মধ্যে তা অন্তর্লীন ছিল। কিন্তু অসমের ক্ষেত্রে তা ভিন্নরূপ ছিল। বিশেষত, জনজাতি এলাকাগুলিতে জনস্ফীতির এই চাপকে গ্রহণ করার ক্ষেত্রে একটা পর্যায়ের পর উভয় জাতির ভাষাগত, সংস্কৃতিগত, অর্থনীতিগত ও যাপনরীতিগত ফারাকগুলি অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এই সত্যকে মান্যতা দিতে হবে। উচিত ছিল, সরকারের তরফে, বিশেষত কেন্দ্রের তরফে অসম ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর জনস্ফীতির চাপকে লঘু করতে শরণার্থীদের একটা অংশকে সারা ভারতে উপযুক্ত ভাবে বসবাস ও উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু সেদিকে বিন্দুমাত্র কেউ নজর দেয়নি, উপরন্তু, এই সমস্যাটিকে পুষে রেখে তাকে আজ অগ্নিবলয়ে পরিণত করেছে। উপায়ন্তর না দেখে, এই বাড়তে থাকা সমস্যাকে অসমের আন্দোলনকারীরা নাগরিক পঞ্জীর মাধ্যমে সমাধান করতে চেয়েছেন এইভাবে যে ২৪ মার্চ ১৯৭১ সালের পর অসমে প্রবেশকারী সমস্ত ‘অনুপ্রবেশকারী’ বা ‘শরণার্থী’দের (হিন্দু-মুসলমান নির্বিশেষে) চিহ্নিত করে অন্তত অসমের বাইরে ঠেলে দেওয়া।

কিন্তু এর সঙ্গে সারা দেশে নাগরিক পঞ্জী চালু করার কোনও প্রয়োজন বা বিধি কোথাও ছিল না। এইখানে এসেই সমস্যাটি আরও ঘোরালো হল ও বিজেপি’র আসল এজেন্ডাটি ঝুলির বাইরে বেরিয়ে এল। তা হল এই, সারা দেশে নাগরিক পঞ্জী করে মুসলমান জনসংখ্যার একটা বড় অংশকে অ-নাগরিক হিসেবে চিহ্নিত করা। তা কীভাবে? যেমন অসমে হয়েছে। অসমে নাগরিক পঞ্জীতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে যার মধ্যে প্রায় ১৩ লক্ষ হিন্দু ও প্রায় ৬ লক্ষ মুসলমান। এঁদের মধ্যে হিন্দু-মুসলমান মিলিয়ে বহু ভারতীয় নাগরিক আছেন যারা নির্দিষ্ট কাগজপত্র দেখাতে না পেরে নাগরিক পঞ্জীতে নিজেদের নাম তুলতে পারেননি। ফলে, তাঁরা অনাগরিক বা ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত হয়েছেন। কিন্তু নাগরিক বিলের বদান্যতায় হিন্দু ও অন্যান্য সমস্ত অনাগরিকেরা বা তথাকথিত বাংলাদেশিরা ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন (২০১৫ সালের আগে এ দেশে প্রবেশ করে থাকলে ও অন্তত পাঁচ বছর বাস করেছেন বললেই হবে, কোনও কাগজপত্রও লাগবে না), মুসলমানেরা বাদে। এইটিই ছিল এই আইনের মুখ্য উদ্দেশ্য। নাগরিক পঞ্জীতে বাদ যাওয়া সমস্ত ধরনের মুসলমানেরা (ভারতীয় নাগরিক কি বাংলাদেশি) ভারতীয় সমাজে অপাংক্তেয় হিসেবে গণ্য হবেন। এঁদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে এবং যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন এঁরা দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিকের তকমা পরে থাকবেন।

তবুও সংশয়বাদীরা প্রশ্ন তোলেন। যেমন, তাহলে এই আইনের বলে না হয় মুসলমানদের ব্রাত্য করা হল, কিন্তু যে হিন্দু ও অন্যান্য অ-মুসলমানেরা নাগরিকত্ব অর্জনের অধিকার পেলেন সেটা তো কম কথা নয়। বাধ্যত শরণার্থী হয়ে আসা এই মানুষগুলির দুর্ভোগের তো অবসান হল! বন্ধু, কথাটা গোলগোল করে দেখলে এক অর্থে সত্য। কিন্তু তথ্য কী বলছে? ২০১৬ সালে নাগরিকত্ব বিল নিয়ে যে যুগ্ম সংসদীয় কমিটি হয়েছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল, দেশে নাগরিকত্ব পায়নি উক্ত তিন দেশ থেকে আসা এমন শরণার্থীর প্রকৃত সংখ্যা কত! ইন্টেলিজেন্স ব্যুরোর অধিকর্তা উল্লিখিত সংসদীয় কমিটির কাছে জানিয়েছিল যে প্রকৃত সংখ্যাটা হল ৩১,৩১৩ যার মধ্যে ২৫ হাজারের মতো ছিলেন হিন্দু। যে ‘লক্ষ লক্ষ’ শরণার্থী বা তথাকথিত অনুপ্রবেশকারীদের কথা বলা হয়, তাঁরা যে কোনও ভাবে হোক এতদিনে পাসপোর্ট কি ভোটার কার্ড আদায় করে ইতিমধ্যেই প্রকৃত প্রস্তাবে দেশের নাগরিক হিসেবে বিরাজমান। এই তথ্যটাও ইন্টেলিজেন্স অধিকর্তারই দেওয়া। তাহলে এই আইনটা কি শুধুমাত্র ওই ৩১ হাজার মানুষের জন্যই আনা হল? এ তো ঢাকের দায়ে মনসা বিক্রির অবস্থা! ১৩০ কোটি জনসংখ্যার দেশে ৩১ হাজারকে কি দূরবীন দিয়েও দেখা যাবে?

তাহলে হাতে রইল কী? হাতে রইল ছায়ার সঙ্গে যুদ্ধ! ফলাফল: বিভাজন ও হিন্দু ভোটের অধিক ভাগ। সমস্ত দেশে নাগরিক পঞ্জীতে নথিভুক্তিকরণের অস্ত্র চালিয়ে ধরা হবে কাগজপত্র নেই এমন ভারতীয় নাগরিকদের। তাদের মধ্য থেকে আলাদা করা হবে মুসলমান নাগরিকদের। ডিটেনশন ক্যাম্প হবে তাদের পরবর্তী আস্তানা। কারণ, তথ্য এও বলছে, ২০১১ সালের পর থেকে কার্যত বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ দেশে শরণার্থী বা তথাকথিত অনুপ্রবেশকারীদের সংখ্যা একেবারেই আর নেই। কারণ, বাংলাদেশ এখন অর্থনীতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে। তাদের জাতীয় বৃদ্ধির হার ভারতবর্ষের থেকে অনেক বেশি। ভারতে যেখানে বর্তমান ত্রৈমাসিকে বৃদ্ধির হার নেমে এসেছে ৪.৫ শতাংশে সেখানে বাংলাদেশে গড় বৃদ্ধির হার ৭ শতাংশের আশেপাশে। আর শেখ হাসিনার সরকারও সে দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় অনেক দরদী। এমনকি তাঁর সরকার ভিটেমাটি ছেড়ে এ দেশে চলে আসা শরণার্থীদের কাছে আবেদনও করেছেন বাংলাদেশে এসে নিজেদের বাপ-ঠাকুর্দার জমির আইনসম্মত দাবি জানাতে। উপরন্তু, অতি সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন স্পষ্টতই জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকেরা যদি ভারতে বেআইনি ভাবে বসবাস করে থাকেন তাহলে তার তালিকা ভারত সরকার দিক। বাংলাদেশ সরকার সেই মানুষগুলিকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে রাজী। উলটে তিনি বরং এই অভিযোগ এনেছেন যে বাংলাদেশের উন্নতির ফলে এখন ভারত থেকে বহু মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছেন।
তাই, বদলে যাওয়া সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের আজ অবস্থান নিতে হবে। পুরনো ইতিহাস ঘেঁটে দ্বন্দ্ব-সংঘাত চাগিয়ে তোলার কোনও অবকাশই নেই। তবুও স্তিমিত হয়ে আসা সীমান্ত পারাপার, অর্থনীতির স্বপ্ন সোপানে আগামী দিনের উন্মীলনে ব্যস্ত আধুনিক প্রজন্মের রক্তের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে অনুপস্থিত বিভাজনের কল্পিত বিষ। সমস্ত মানুষকে আজ ঐক্যের পরিচয় দিতে হবে। তা বিপুল, বিশাল গণ জমায়েতের মধ্য দিয়ে। হিংসাত্মক আন্দোলন করে বিভাজনের বীজকে সমূলে উৎপাটন করা যাবে না। তাই একই সঙ্গে আওয়াজ রাখতে হবে: CAA প্রত্যাহার কর+NRC বন্ধ করো+উত্তর-পূর্বের শরণার্থীদের দায় শুধু সেই রাজ্যগুলির নয়, সমস্ত দেশকে নিতে হবে।

Wednesday, 11 December 2019

জীবনের পক্ষে

গ্রেট ওয়ার্ক গ্রেটা
ইন্দিরা ব্যানার্জী
'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা' - দূরদর্শী কবির কলমে তারুণ্যের জয়গান। যখনই অন্যায়-আক্রোশ-অসহিষ্ণুতা তখনই আগামী প্রজন্মের প্রতিরোধ। সে স্বাধীনতা-শিক্ষা-ভাষা বা পরিবেশ যে কোনও ক্ষেত্রেই সাবলীল। গরম রক্তের উর্জায় পরিবর্তিত হতে বাধ্য হয়েছে যা কিছু গতানুগতিক।

এমনই কোন বাধায় হার না মানা 'যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে' মতে বিশ্বাসী এক উজ্জ্বল নক্ষত্র সুইডেনের স্টকহোম নিবাসী গ্রেটা থুনবার্গ। যে মাত্র ষোল বছর বয়সেই বিশ্বের কাছে পরিবেশ সচেতনতার উদাহরণ হয়ে উঠেছে আত্মদীপ্তিতে।

ইউরোপের সুইডেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। যেখানে জুন-জুলাই মাসে ২০-২৫ সেন্টিগ্রেড এবং জানুয়ারি ফ্রেবুয়ারিতে মাইনাসে উষ্ণতা থাকে। কিন্তু ২০১৮ সালটি নাসার বিজ্ঞানীদের মতে, সুইডেনের উষ্ণতম বছর। সে বছরেই ক্রমাগত দাবানল, খরা, উষ্ণপ্রবাহ গড় তাপমাত্রাকে বাড়িয়েছে এবং এ রকম চলতেই থাকলে ২০৮০ সালের মধ্যে গড় উষ্ণতার সাত ডিগ্রি বৃদ্ধি নিশ্চিত। এমন সব ভবিষ্যৎবাণী ভিত নাড়িয়ে দিয়েছিল স্টকহোমের ক্লাস নাইনে পাঠরতা গ্রেটার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশের জন্য সে বেছে নিল 'স্ট্রাইক ফর ক্লাইমেট'এর মতো কর্মসূচি।

গ্রেটার চলার পথ মসৃণ ছিল না। ২০১৮ সালের আগস্ট মাসে একটানা তিন সপ্তাহ স্কুল বয়কট করে সুইডিশ পার্লামেন্টের সামনে জলবায়ুর ভারসাম্য রক্ষার আর্জি নিয়ে ঠায় বসে ছিল গ্রেটা। শুধু তাই নয়, জনমত জোগাতে লিফলেট বিলি করছিল ছোট ছোট হাত। প্রথমে তার স্কুলের সহপাঠীরাও তাকে সাথ দেয় নি কিন্তু কিছু দিনের মধ্যেই মিডিয়ার দৌলতে গ্রেটার আন্দোলন এবং প্রতিবাদের ভাষা জনপ্রিয়তা পায়।

এরপর ইউরোপের বিভিন্ন দেশ যেমন, জার্মানি-বেলজিয়াম-যুক্তরাজ্য-ফ্রান্স ছাড়াও অস্ট্রেলিয়া-জাপান-বাংলাদেশ সহ মোট ১০৫টি দেশের ১৬৫৯টি স্থানে পরিবেশ রক্ষার জন্য কমিউনিটি গড়ে ওঠে। যারা 'ফ্রাইডে ফর ফিউচার' কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ প্রসঙ্গে খাইবার প্রদেশ নিবাসী মালালা প্রসঙ্গ মনে পড়ে যায়। মালালা যেমন সবার জন্য শিক্ষা প্রসঙ্গে বলে 'একটি শিশু, একজন শিক্ষক, একটি বই আর একটি কলম দুনিয়া বদলে দিতে পারে। শিক্ষাই একমাত্র সমাধান।' তেমনি গ্রেটা জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গ্রিন হাউস গ্যাস নিষ্কাষণ কমানোর পক্ষে নিজের মতামত দিতে গিয়ে বলে, 'আমি এখন জলবায়ুর ক্ষেত্রে ন্যায়বিচারের পক্ষে।'

২০১৫ সালে ১৯৫টি দেশের ঐক্যমতের ভিত্তিতে গ্রিন হাউস গ্যাসের উৎপাদন কমানোর জন্য প্যারিস চুক্তি হয় যা পরবর্তী সময়ে অর্থনৈতিক উন্নয়নের অজুহাতে ইউরোপের অনেক দেশ বাতিল করে। গ্রেটা এই চুক্তি বাস্তবায়নের জন্য জোরালো যুক্তি উপস্থাপন করে। গ্রিন হাউস গ্যাস সংক্রান্ত বিষয়ে সে বলে, 'যদি নিষ্কাষণ থামাতে হয় তাহলে তা থামাতেই হবে। আমার কাছে বিষয়টা সাদা-কালো। টিঁকে থাকাই যখন বিষয়, তখন ধূসরতার কোনও জায়গা নেই।'

জলবায়ুর সাম্য রক্ষায় গ্রেটার এই আন্দোলন ও বিশ্ববাসীর কাছে এর গ্রহণযোগ্যতার জন্য ২০১৯-এর মে মাসে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ তাকে নিয়ে। শিরোনাম 'নেক্সট  জেনারেশন লিডার'। পরিবেশ বাঁচাতে গ্রেটার ভূমিকা ও তার প্রভাব 'গ্রেটা থুনবার্গ এফেক্ট' নামে পরিচিত।

'ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব' - লক্ষ্যে অবিচল গ্রেটা ব্যক্তিগত জীবনে কার্বন ফুট প্রিন্ট কমানো, মাংস ভক্ষণ না করা, প্লেনে সফর বাতিল করে পরিবেশ রক্ষা বিষয়ে নিজের ভূমিকা পালন করেছে। জাতি সংঘে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তার দৃঢ় ঘোষণা 'বাস্তুতন্ত্র ধ্বংস করে, পরিবেশকে না বাঁচিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি কেবল ফাঁকা রূপকথা'।'

সত্যিই স্থিতিশীল উন্নয়নে পা মেলাতে গ্রেটার মতো আবেগী কিন্তু সাহসী ব্যক্তিত্বের প্রয়োজনীয়তা অস্বীকারের প্রশ্নই আসে না।

Thursday, 7 November 2019

ধর্মের কল...

ধর্ম ও রাজনীতি
একটি আলোচনা
সম্পাদনা ও সংকলন: উত্তান বন্দ্যোপাধ্যায়
যারা ধর্ম মানেন তাঁদের উচিত কুসংস্কার থেকে যথার্থ ধর্মকে আলাদা করা - এমন কথা অনেকেই বলেন।
তাদেরকে বলা উচিত - একটু কথাটা ব্যাখ্যা করতে পারেন ? দেখুন, মানুষ নানান প্রকার। কোনও মডেলে ফেলে কিছুই ছোঁয়া যায় না মানুষকে। আইনস্টাইন নিজেও ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, শোনা যায়। আজ আমি যে ব্যাপারে যুক্তিবাদী, সেই আমিই হয়তো অন্য ব্যাপারেই অযৌক্তিক - করা উচিত নয় বলেও অনেকেই আমরা সজ্ঞানে হয়তো সেটাই করি, অনেক কাজই এমনি করি। এখন কোনও ব্যাপারকে বিচার যখন করব শুধু সেইটুকু পরিসরে নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে আমি কি উক্ত ব্যাপারটিতে নির্মোহ? এটাকেই হয়তো সততা বলা হয়।

কুসংস্কার কী, আর ধর্মই বা কী। দুটো কি সমানুপাতিক? নাকি, অসম্পর্কিত? মানে, কী হওয়া উচিত। আবার একজন মানুষ দু' জায়গায় দুরকম আচরণ করে। তার অবস্থান কিরকম সেইটাকে ধরেই এটা হয়। ধরা যাক, কেউ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন না। এটাও একটা ধর্ম। কিন্তু তিনি যখন ধর্ম ও কুসংস্কার নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন তখন বলবেন, 'ধর্মকে কুসংস্কারের ভিতরে যোগ করা উচিত নয়।' এই আপনিই একজন নাস্তিক হয়ে যখন ঘরোয়া ভাবে আপনারই ধারণার কাছাকাছি মানুষদের নিয়ে বৈঠক করছেন, তখন আপনার অনুধাবন, ধর্মীয় সংস্কারই কুসংস্কারের জন্ম দেয়। মানুষ কুসংস্কারকে সরাতে সম্পূর্ণ পারবেই না যতদিন ধর্ম থাকবে। এটাই প্যারাডক্স, এটাই ডাইকোটমি। অতএব, আলোচনাটা খুব ভারী, গম্ভীর।

আমার মনে হয়, কেউ যে ভাবে চলে জীবনে স্বস্তি পান, ছন্দ খুঁজে পান, নিজেকে এবং অন্যকে বোঝার মরমী মনের অধিকারী হতে পারেন, তাই তার ধর্ম। এসব সহজে অর্জন করা যায় না। ঈশ্বর বিশ্বাসের মধ্য দিয়ে আসতে পারে, নাও আসতে পারে। ব্যক্তি বিশেষের ওপর তা নির্ভর করে। বুদ্ধদেব ঈশ্বরের কথা বলেননি। অষ্টমার্গের কথা বলেছেন--Right Thinking,  Right Word, Right Action, Right Profession ইত্যাদির কথা যে বলেছেন তা গুরুত্বপূর্ণ। পরার্থে কাজ করলে মন প্রসারিত হয়। এটাও ধর্ম। ধর্মের নানা রূপ। মনকে প্রসারিত করে কারও ক্ষোভের কারণ বুঝতে পারাটাও মানব ধর্ম। নিরপেক্ষ অবস্থান নেওয়ার চেষ্টা। এসব নিরন্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়া যত বিস্তার লাভ করে ততই নিজের অবস্থানে সামঞ্জস্য আনা যায়। সংঘাতকে অনেকটা এড়ানো যায়। নিজের পথটা ঠিক চিনতে হয়। সকলেই এক পথের পথিক হন না। আমাদের আচরণে ফুটে ওঠে আমরা যথার্থ ধার্মিক কিনা। সমাজের সর্বতো কল্যানের পথের সন্ধানই ধর্মের লক্ষ্য। ঠিকই। ধর্মের নির্যাস এটাই। ছিলও এটাই, হয়ও এটাই। কিন্তু সংস্কার, আধার, রিচ্যুয়ালগুলো ধর্মের সাথে ঐতিহাসিক ভাবে মিশে গেছে। ফলে, পাঁচ ওয়াক্ত নমাজ পরা মানে ইসলাম ধর্ম বা দেবদেবী পুজো দেওয়া বা মারা যাবার পর দাহ করা বা কবর দেওয়া, তা সবই বিভিন্ন ধর্মের বিভিন্ন চিহ্ন। এভাবেই আচার বা সংস্কৃতি বা ব্যবহারগুলোই এখন ধর্মের রূপ নিয়ে বসে আছে। কাজেই নিজেকে ও অন্যকে মরমী মনের বোঝাটা তার এখন যেন মূল যে ধর্মের কথা এটা বা এই ধারণাটাই অন্তরীণ হয়ে গেছে। তার মানে, এই যে ধর্মের অর্থের যে পরিবর্তন ঘটল তা কিন্তু ঐতিহাসিক বা বাস্তব।

এবারে আসি রাজনীতিতে। ধর্মকে ধরেই শাসনকার্য শুরু হয়ে যায়। তাই রাষ্ট্র, ধর্ম ও শাসন ব্যবস্থা মিলেমিশে থাকে। কিন্তু এই ধর্ম হল চিহ্নের। তার মানে রাষ্ট্রনীতি, রাজনীতি ধর্মের সার্বিকতা ত্যাগ করে খোলস বানিয়ে দিল ধর্মের সংস্কৃতি ও আচারের আইডেন্টিটি'তে। বিজ্ঞানের প্রগতির পথে ধর্ম প্রতিবন্ধক, এমন একটা কথা প্রায়ই শোনা যায়। কথাটার সপক্ষে সাক্ষ্য-প্রমাণও আছে। গ্যালিলিওকে ধর্মযাজকদের হাতে নিগ্রহ স্বীকার করতে হয়েছিল। জীব হিসেবে মানুষের ক্রমবিকাশ সম্বন্ধে ডারউইনের মত খৃষ্টধর্ম সহজে মানতে চায়নি। নতুন সত্যের পথে কুসংস্কার বারবারই বাধা হয়েছে। এসবই স্বীকার্য। তবু ধর্মের প্রতিবন্ধকতাকে খুব বড় করে দেখাবার আগে ঐতিহাসিক সাক্ষ্যের অন্য দিকটার প্রতিও একটু নজর দেওয়া উচিত। মধ্যযুগের শেষভাগে বিজ্ঞান চর্চা ইউরোপে নতুন করে শুরু হয় ধর্মের ছায়াতে;  ধর্ম প্রতিষ্ঠানের ধার ঘেঁষে নতুন প্রয়াস বেড়ে ওঠে। চার্চের আওতা থেকেই খ্রিস্টিয় তের শতকের রোজার বেকন গণিত ও জ্যোতিষ, পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্র বিষয়ে অধ্যয়ন গবেষণার মহত্ব ঘোষণা করেন। সেই থেকে আজ অবধি বহু বৈজ্ঞানিক বিভিন্ন অর্থে ঈশ্বরে বিশ্বাসী। ধার্মিক বৈজ্ঞানিক দৃষ্টিতে এই বিশ্বব্রহ্মাণ্ড যেন ঈশ্বরের নিজের হাতে লেখা বই, তাই এর সূত্রোদ্ধার মহৎ কাজ, এমনই ভাবতেন আস্তিক বিজ্ঞানীরা।

ধর্মকে কেন্দ্র করেই বহু কুসংস্কার জমে ওঠে। বিজ্ঞানের প্রগতির পথে তারা বাধা হয়। সে বাধা অতিক্রম করেও বিজ্ঞান এগিয়ে চলে। আর কুসংস্কার ছাড়িয়েও ধর্মের বাণীর কিছু অর্থ হয়তো অবশিষ্ট থাকে। হয়তো এটা বিবেচ্য যে তা থাকে কিনা। তার আগে অন্য একটি প্রসঙ্গ চলে আসে স্বাভাবিকভাবেই। বিজ্ঞানের প্রগতি অন্ধবিশ্বাসে বাধা পেয়েছে, এটাই ধর্মান্ধতার একমাত্র বিপদ নয়। তার চেয়েও বড় বিপদ দেখা দিয়েছে অন্য পথে। ধর্মান্ধতার তিক্ততম ফল সাম্প্রদায়িক বিরোধ। যেমন, ষোড়শ শতকে জার্মানি ছিল শিল্পে-বাণিজ্যে-সংস্কৃতিতে ইউরোপের অগ্রগণ্য দেশগুলির অন্যতম। তদানীন্তন ইংল্যান্ডের তুলনায় জার্মানিকেই অপেক্ষাকৃত অগ্রসর দেশ বলে ঐতিহাসিকরা স্বীকার করেন। অথচ, আরও এক শতাব্দী পরে জার্মানি ইউরোপের একটি পিছিয়ে পড়া দেশ হয়ে গেল। এর প্রধান কারণটি কী? সতের শতকে খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক ও প্রটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে রক্তাক্ত সংগ্রামের ক্ষমতার লড়াই। তারই সাংঘাতিক পরিণতি হিসেবে জার্মানি বহুকালের জন্য কি রাজনীতিতে, কি অর্থনীতিতে, কি সংস্কৃতিতে, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এর বিষময় ফল পৃথিবীকে বিশ শতক পর্যন্ত ভোগ করতে হয়েছে। সতের শতকে অবশ্য শুধু জার্মানিতেই নয়, ইউরোপের অধিকাংশ দেশেরই সমাজজীবনে সাম্প্রদায়িক বিরোধে আলোড়ন হয়, আর বহু দেশই এর ফলে অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়।

তাই, বহু রক্তক্ষয়ের ভিতর দিয়ে একটা কথা ক্রমে স্পষ্ট হয়ে ওঠে যে, পরধর্মসহিষ্ণুতা ছাড়া সুস্থ সমাজজীবন সম্ভব নয়। এটা ইতিহাসের শিক্ষা। কথাটা আর এক ভাবে ধরা যাক। শোনা যায় নাকি মানুষ বাস্তব স্বার্থ দ্বারা পরিচালিত। স্বার্থসিদ্ধির কিন্তু দুটো পথ আছে। একটাকে বলা যায় বিরোধ অথবা দস্যুবৃত্তির পথ অর্থাৎ অপরের ক্ষতিসাধন করে নিজের লাভ, অন্যটি সহযোগিতার পথ অর্থাৎ সহযোগিতায় সকলের উন্নতি। বিরোধ ও সহযোগিতার মধ্যে কোন পথটি  মানুষ বেছে নেবে তা শুধু বাস্তব অবস্থা দিয়েই নির্ধারিত হয় না, ব্যক্তি ও সম্প্রদায়ের মানসিকতার উপরেও নির্ভর করে। সাম্প্রদায়িক বুদ্ধিতে যখন আমরা উন্মত্ত হয়ে উঠি তখন বিরোধের পথকেই একমাত্র পথ বলে মনে হয়। হিন্দু আমি ভাবি মুসলমান নিধন করেই আমার জয় সম্ভব; মুসলমান আমি ভাবি হিন্দুকে বধ করে আমার জয়। হিন্দু মুসলমানের ভিতরে যে উভয় সম্প্রদায়ের মানুষের স্বার্থসিদ্ধির আরও একটা পথ খোলা আছে সাময়িকভাবে হলেও সে কথাটা আমরা বিস্মৃত হই; ফলে দেশ বিভক্ত হয়। বেড়ার ওপারে যে আমারই ভাই-বোন সে অপর হয়ে যায়। কে সেই বেড়া দেয় ? আর তার কুফল ভোগ করে কারা?

Wednesday, 6 November 2019

ডি লা গ্রান্ডি মেফিস্টোফেলিস

ঘচাং ফু্
সঞ্জয় মজুমদার
তারকনাথ গঙ্গোপাধ্যায় মহাশয়ের আজ প্রয়াণ দিবস। ১৯৭০এ মাত্র ৫২ বছর বয়সে আজকের দিনে, কলকাতায়, তাঁর অমৃতলোকে যাত্রা। অমর হয়ে আছেন অনেক কিছুর মধ্যে, অনেক অবিস্মরনীয় চরিত্রের মধ্যে। যেমন ভজহরি মুখোপাধ্যায়, স্বর্ণেন্দু সেন, কুশলকুমার মিত্র, কমলেশ্বর বন্দোপাধ্যায়, এমন অনেকে। এই অব্দি একটু রহস্য করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একটু ঝেড়ে কাশি। ভজহরি মুখোপাধ্যায় (আসল নাম প্রভাতকুমার মুখোপাধ্যায়, ১৯৪৬এ মধ্য কলকাতার গলির গলি তস্য গলির ভিতর একটি বাড়ির মালিক, ২০ নম্বর পটলডাঙ্গা স্ট্রিট) আসলে গুলবাজ, রকবাজ বাঙালির আদর্শ, আমাদের এক ও অদ্বিতীয় 'ডি-লা-গ্র্যান্ডি-মেফিস্টোফিলিস', নয় নয় করে ছয় ফুট উচ্চতার, মৈনাক পর্বতের মত নাকের মালিক, টেনিদা। আর বাকি তিনজন হলেন 'ইয়াক্ ইয়াক্', মানে, স্বর্ণেন্দু সেন (সেকেন্ড ডিভিশনে পাস করা, ঢাকাইয়া, 'হ হ আমাগো একটা মতলব আছিল' হাবুল), কুশলকুমার মিত্র (হতচ্ছাড়া, চিরকালের বিশ্বাসঘাতক, স্কলারশিপ আর ফার্স্ট ডিভিশনে পাস করা ক্যাবলা), আর কমলেশ্বর বন্দোপাধ্যায় (পেটরোগা প্যালারাম বাঁড়ুজ্জে, নিত্যি প্যলাজ্বরে ভোগে, পটলডাঙায় থাকে, পটল দিয়ে সিঙ্গি মাছের ঝোল খায়, আর দু'পা হাঁটতে গেলেই তার পেটের পিলে খটখট  করে জানান দেয়। যদিও টেনিদা মাঝেমাঝেই এক চড়ে তার নাক নাসিকে আর কান কানপুরে পাঠাবার হুমকি দিয়ে ঠিক রাখে)।
যাগ্গে, এত ভণিতার পরে তারকনাথ গঙ্গোপাধ্যায় যে আসলে আমাদের প্রাণের সাহিত্যিক, বরিশালের বাঙালি নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা বলতে গেলে জনগণ আমাকে চ্যঙদোলা করে চায়নায় ছুঁড়ে ফেলবে, বিশ্বাসঘাতকও বলতে পারে। তা বলুকগে। এটুকু রহস্য না করলে, 'খট্টাঙ্গ ও পলান্ন', 'মৎস্য-পুরাণ', 'ন্যাংচাদার হাহাকার', 'টেনিদা আর ইয়েতি', 'একাদশীর রাঁচি যাত্রা', 'দি গ্রেট ছাঁটাই', 'হনোলুলুর মাকুদা', 'টিকটিকির ল্যাজ', 'ব্রহ্মবিকাশের দন্তবিকাশ', 'চামচিকে আর টিকিট চেকার', 'ভজহরি ফিল্ম কর্পোরেশন', 'কুট্টি মামার দন্ত-কাহিনী', 'একটি ফুটবল ম্যাচ', 'দধীচি, পোকা ও বিশ্বকর্মা', 'প্রভাতসঙ্গীত', 'সাংঘাতিক', 'কাক-কাহিনী', 'বেয়ারিং ছাঁট', 'হালখাতার খাওয়াদাওয়া', 'ঘুটেপাড়ার সেই ম্যাচ', 'কাঁকড়াবিছে', 'ক্রিকেট মানে ঝিঁঝি', 'পরের উপকার করিও না', 'ঢাউস', 'তত্ত্বাবধান মানে-জীবে প্রেম', 'ভজ গৌরাঙ্গ কথা', 'ক্যামোফ্লেজ', 'দশাননচরিত', 'নিদারুণ প্রতিশোধ', 'কুট্টিমামার হাতের কাজ', 'চেঙ্গিস আর হ্যামলিনের বাঁশিওয়ালা', 'দশাননচরিত', 'পেশোয়ার কী আমির', 'টেনিদা আর সিন্ধুঘোটক', 'ঝাউ বাংলোর রহস্য', 'কম্বল নিরুদ্দেশ', আর 'চারমূর্তি'র অমর স্রষ্টা এবং তাঁর প্রজন্মরোহিত অমরসৃষ্টিকে উপভোগ করা যায়? বোঝা যায়? বাঙালির '...দাদা' সংস্কৃতির উজ্জ্বলতম নক্ষত্র রকবাজির প্রাণপুরুষ, তুলনাহীন গুলবাজির প্রাণভোমরা প্রবাদপ্রতিম সব প্রবচনের জনক 'টেনিদা', সেই কবে থেকে আড্ডাপ্রিয় ভোজনরসিক  বাঙালীর অপ্রতিরোধ্য 'দাদাগিরি'র সফল নেতৃত্ব দিয়ে এসেছেন।

ব্যক্তিগত পড়াশোনায়, শিক্ষকতায় আর সাহিত্যচর্চায় নারায়ণ গঙ্গোপাধ্যায় যেন সরস্বতীর বরপুত্র। যেমন রূপবান তেমন গুণবান। সাহিত্যের বহুধা বিস্তৃত অঙ্গনে, যেমন, কিশোর সাহিত্য, ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, নাটিকা ইত্যাদি বিবিধ শাখায় মানুষটির ছিল অবাধ বিচরণ। নিজে হাসতে পারা সহজ কথা নয়, হাসাতে পারা আরোই নয়। মধ্য কলকাতার গলি, তস্য গলির বাড়ির বৈঠকখানায়, দোতলার ছাতে, বাড়িওয়ালার সাথে সপরিবারে, ঘন্টার পর ঘন্টা, বাঙালির প্রিয় আলুকাবলি, ঘুগনি, ফুচকা, মুড়ি-চপ-সিঙ্গাড়া, দই-মিষ্টি, কুলফি-বরফ এবং অবশ্যই চা সহযোগে (যদিও টেনিদা খেতে খেতে খাট পালঙ্ক কাপ প্লেট ডিস্ সবই প্রায় চিবিয়ে খাওয়ার ক্ষমতা রাখতো) ঘন্টার পর ঘন্টা আড্ডা, আর আড্ডার নাভিপদ্ম থেকে উঠে আসা কালজয়ী সব সৃষ্টি, আর তাদের হাসতে-হাসতে পেটে খিল ধরানো কিংবদন্তি কীর্তিকলাপ, চির-স্মরণীয় হয়ে আছে। তাঁর লেখনীর মধ্যে সাহিত্যরস যেন অফুরন্ত। জোর করে কাতুকুতু দিয়ে নয়, কারো বিচারবুদ্ধিকে ব্যঙ্গ করে নয়, তীব্র, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে রুচিসম্মত হাস্যরসের বিস্ফোরণ।

টেনিদার নাম শোনেননি, অথবা টেনিদার একটাও কাহিনী পড়েননি, এমন শিক্ষিত বাঙালি খুঁজে বের করার থেকে খড়ের গাদায় পিন খোঁজা অনেক সোজা। বাড়ির রোয়াকে বসে নির্ভেজাল আড্ডা, চুটিয়ে খাওয়া-দাওয়া, ফুটবল ক্রিকেট খেলে বেড়ানো আর মাঝে মাঝে ঘুরতে যাওয়া, মানে যেটা হলো গিয়ে বাঙালির ডিএনএ কনফিগারেশন। অস্বীকার করার কোন উপায় নেই। কেউ করতেও চাইবে না। আজকের সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার যুগেও টেনিদার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। এখানেই নারায়ণ গঙ্গোপাধ্যায় স্রষ্টা হিসেবে কালোত্তীর্ণ। বন্ধুবান্ধব যখন একজায়গায় একসাথে আড্ডা আর গুলতানি মারব, একে অপরকে চোখে না দেখলে, হাত পা আর চোখের ভাষা না পড়লে, কি করে সেটা সম্ভব? সোজা উত্তর, 'অসম্ভব'। অজস্র প্রতীকী চিহ্নের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পছন্দ-অপছন্দ, অবাক হওয়া, ভালোবাসা, রেগে যাওয়া, দুঃখ পাওয়া, কান্না পাওয়া, এমন কত কী জানানো যায়, নতুন কিছু ভাবনা মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রচার করা যায়, ভাগ করে নেওয়া যায়, এমনকী ভিডিও কল আর কনফারেন্স কলে ভার্চুয়ালি এক জায়গায় আসাও যায়, কিন্তু বাঙালির নির্ভেজাল আড্ডা? সেটাতো করা যায় না। এইখানেই মার্ক জুকারবার্গের থেকে আমাদের ঘরের মানুষ নারায়ণ গঙ্গোপাধ্যায় শত সহস্রযোজন এগিয়ে। নারায়ণবাবু আজ বেঁচে থাকলে, জুকেরবার্গকে কুড়ি নম্বর পটলডাঙ্গা স্ট্রিটে নেমন্তন্ন করতেন নিশ্চিত। সঙ্গে মুড়ি, আলু-কাবলি, চপ, আর চা। ক্লাস টেন-এ, মনুমেন্টের মত বছরের-পর-বছর দাঁড়িয়ে থাকা টেনিদার পাল্লায় পড়ে দু-সেকেন্ডে ফেসবুকের লালবাতি জ্বলে যেত। একটু কি জাত্যাভিমান প্রকাশ পেল আমার? নিশ্চয়ই। পেয়েছে বৈকি। হাজারবার পেয়েছে। আর আমি তাতে একটুও লজ্জিত নই। নারায়ণ গঙ্গোপাধ্যায় বিলক্ষণ বুঝেছিলেন বাঙালির মনের কথা। অত কর্মসংস্কৃতির ধ্বজা উড়িয়ে বাঙালিকে দমানো যাবে না। আড্ডার বিশুদ্ধ বাতাস ফুসফুসে ভরে নিয়ে হৃদপিন্ডের রক্তকে বিশুদ্ধ করতেই হবে, নাহলে ঘটি পাড়ায় বাঙাল সংস্কৃতির মিশেলে তৈরি বাঙালির জাত যাবে। আর তাছাড়া আড্ডা শুধু বাঙালির একার সংস্কৃতি নয়, গোটা পৃথিবী জুড়ে আড্ডাপ্রিয় বহু জাতি-উপজাতি পাওয়া যাবে, যাঁদের নিজস্ব সংস্কৃতি যুগের পর যুগ বহাল তবিয়তে টিকে আছে। সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে সবারই একটু আধটু আসন টলেছে, চলনে-বলনে গ্লোবাল গ্লোবাল ভাব এসেছে, কিন্তু মোটের উপর মাটির শিকড় মাটিতেই আছে।

মরুকগে এসব কথা এখন। চাঁটি মেরে চাটগাঁয়ে পাঠিয়ে দিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায়তে ফিরে আসি। টেনিদার গল্প ছাড়াও বেশ কিছু অন্যধারার উপন্যাসও তাঁর ঝুলিতে রয়েছে, যেমন কিনা, 'উপনিবেশ-১', 'উপনিবেশ-২', 'উপনিবেশ-৩' (১৯৪৪-১৯৪৭), 'মহানন্দা', 'নিশিযাপন', 'বিদূষক', 'ভাটিয়ালি', 'সম্রাট ও শ্রেষ্ঠী'(১৯৪৪), 'মন্দ্রমুখর'(১৯৪৫), 'শিলালিপি'(১৯৪৯), 'লালমাটি', 'কৃষ্ণপক্ষ'(১৯৫১), 'বৈতালিক'(১৯৫৫), 'অসিধারা(১৯৫৭), ইত্যাদি। 'শনিবারের চিঠি'র নিয়মিত লেখক ছিলেন। সাপ্তাহিক দেশ পত্রিকায় তাঁর বিদ্রুপাত্মক লেখা 'সুনন্দর জার্নাল' পাঠককুলের কাছে এক অবিস্মরণীয় সম্পদ। নাটকেও হাত পাকিয়েছেন, যেমন, 'আগন্তুক', 'ভাড়াটে চাই', 'ভীম বধ', ইত্যাদি। যৎসামান্য হলেও চলচ্চিত্রের চিত্রনাট্য, এবং গ্রামোফোন রেকর্ডের গানও সাফল্যের সাথে রচনা করেছেন। ছোট গল্পের মধ্যে গল্পসংগ্রহ 'সাপের মাথায় মনি', 'ট্রফি' (১৯৪৯), 'বিতংস', 'ভাটিয়ালি'(১৯৫৭), 'দূঃশাসন', 'জন্মান্তর', 'ঘূর্ণি' 'ছায়াতরি', 'আলেয়ার রাত', 'টোপ' বিশেষ উল্লেখযোগ্য। চেনাজানা পুরস্কার বলতে ১৯৬৪তে আনন্দ পুরস্কার জুটেছিল।

আদ্যোপান্ত নির্ভেজাল বাঙালি নারায়ণ গঙ্গোপাধ্যায় ছাত্র জীবনেও ছিলেন অত্যুজ্জ্বল। দিনাজপুর জেলা স্কুল থেকে মেট্রিকুলেশন, তারপর স্নাতক স্তরে (ডিস্টিংশনসহ উত্তীর্ণ) বি.এম  কলেজ বরিশাল (১৯৩৮) হয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধিষ্ঠান। মাস্টার্স-এ(১৯৪১) অসামান্য ফলাফলের জন্য ব্রহ্মময়ী স্বর্ণপদক প্রাপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই 'বাংলা সাহিত্যে ছোটগল্প'র উপর গবেষণার ফলস্বরূপ তাঁকে ডি.ফিল-এ সম্মানিত করা হয়। সাহিত্যপ্রেমীরা তাঁর উল্লেখযোগ্য কয়টি প্রবন্ধ পড়ে দেখতে পারেন, যেমন, 'সাহিত্যে ছোটগল্প', 'ছোটগল্পের সীমারেখা', 'বাংলা গল্পবিচিত্রা' এইসব। বরিশালে, স্নাতক স্তরে পড়াশোনার সময় তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন জীবনানন্দ দাশকে। এটা তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

শিক্ষক জীবনও ছিল গৌরবজনক। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ(১৯৪২-১৯৪৫), আর কলকাতার সিটি কলেজে (১৯৪৫-১৯৫৫) দীর্ঘকাল অধ্যাপনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ১৯৫৬ থেকে শিক্ষকতা শুরু। সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুনীল গাঙ্গুলীর স্মৃতিচারণায় তাঁদের প্রিয় এই মাস্টারমশাই কেমন মানুষ ছিলেন, সেসব না হয় আরেকদিন খোঁজখবর করে জানা যাবে।

আসলে উপরের কয়েকটি অনুচ্ছেদে মানুষটার পড়াশোনা, গবেষণা, লেখালেখি আর কাজকর্মের গৌরবজনক দিকটা তুলে ধরা বাঞ্ছনীয় ছিল। ব্যক্তিগত জীবনে, পড়াশোনায় তুখোড়, এই স্রষ্টার হাতেই গতানুগতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন 'টেনিদা' চরিত্রের জন্ম। এ এক লক্ষণীয় এবং চমকপ্রদ বৈপরীত্য। দীর্ঘায়িত জীবন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছিল না, সেটা তাঁর জন্ম মৃত্যুর তারিখ (১৯১৮-১৯৭০) দেখলেই বোঝা যায়। সংক্ষিপ্ত জীবনের গণ্ডিতেই আশেপাশের সাধারণ কিছু মনুষ্য চরিত্র আর ঘটনাকে সঙ্গী করে, কল্পনার রঙে রাঙিয়ে, তাঁর অমর সাহিত্যসৃষ্টি বাঙালির মননে দীর্ঘকালীন, এমনকী বলা যেতেই পারে, চিরস্থায়ী আলোকপাত করে গেছে। ভরদুপুরে মরুভূমিতে অথবা একরাত কোন শ্মশানে বা গোরস্থানে আমাকে যদি থাকতে বলা হয়, তবে আমি একটা শর্তে রাজী হতে পারি, সঙ্গে যেন 'যোগ-সর্পর হাঁঁড়ি' আর চুটকিতে ভূতের ভয় উড়িয়ে দেওয়া আর খাটের তলায় বসে ওয়াচ্ করতে থাকা 'টেনিদা' থাকে।

Tuesday, 22 October 2019

এক সাধারণের জবানিতে অভিজিৎ


তিনি থাকুন তাঁর মতোই
অনিন্দ্য ভট্টাচার্য
আমরা যারা নিতান্তই পিএনপিসি করা, সবজান্তা শিরোমণি, অকালপক্ক, খাপ পঞ্চায়েত বসানোয় ওস্তাদ, কুচুটে বাঙালি, তারা সক্কলেই অন্তত একটা ব্যাপারে খুব পাকা মস্তিষ্ক: পুরে দেওয়া। যেমন, জেলে পুরে দেওয়াটা বেশ আমোদের। কিন্তু সে ক্ষমতা তো আবার আমার-আপনার নেই। পুলিশ তেমন ‘নিন্দেমন্দ’ কাউকে যদি জেলে পুরে দেয় তো আমাদের ভারী উৎসাহ। কিন্তু বাকী ‘পুরে দেওয়া’গুলোতে আমরা বেশ সিদ্ধহস্ত। কেউ যদি কম কথা বলে, তাকে আমরা দেমাকির ঘরে পুরে দিই, কেউ যদি একটু বেশি এগিয়ে এসে কারও সাহায্যে লাগে তো তাকে ‘নির্ঘাৎ ধান্দাবাজি’র খোপে ফেলতে আমাদের কালবিলম্ব হয় না, কেউ যদি ‘সর্বজন-স্বীকৃত’র বাইরে অবস্থান করে সে নিশ্চিত পাগল অথবা সন্দেহজনক। আর রাজনৈতিক বা অর্থনৈতিক মতামতকে সর্বাগ্রে পার্টির খোপে পুরে দিতে আমরা আরও তৎপর। সাধে কি আর রবীন্দ্রনাথ, তাঁর নোবেল প্রাপ্তির পর কলকাতা থেকে ট্রেন ভাড়া করে শান্তিনিকেতনে সংবর্ধনা দিতে আসা তাঁর নিন্দুকদের উদ্দেশ্যে বলেছিলেন, আজ আমাকে দেয় আপনাদের সম্মাননা আমি ওষ্ঠ অবধি তুলতে পারি মাত্র, তাকে পান করার শক্তি আমার নেই।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির পর দেখা গেল একশ্রেণি বাঙালির সেই চির অভ্যেস আবার চাগাড় দিয়ে উঠল। রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন তাঁদের নোবেল প্রাপ্তির আগে যতটা বাঙালি সমাজে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন, অভিজিৎ তা একেবারেই নন। হঠাৎ করে এমন এক প্রায়-অজানা বাঙালি নামের সঙ্গে নোবেল ঘোষণা জড়িয়ে যেতেই প্রাথমিক হতচকিত হয়ে পড়া একটা হল বটে কিন্তু বাঙালি যেহেতু বড় সেয়ানা তাই জানে, হাতের মুঠোয় গুগল থাকতে ‘ফলস খাওয়াটা’ অত অস্বস্তির কিছু নয়। নিমেষে সকলে জেনে গেলেন, অভিজিৎ কাহারে কয় আর তার কত ও কী কী প্রকার। ব্যস। শুরু হয়ে গেল পুরে দেওয়ার খেলা। এক পক্ষ তাকে পুরে দিলেন বিজেপি বিরোধী শিবিরে, প্রায়-বামপন্থী সার্টিফিকেটও জুটে গেল তাঁর তো অপর পক্ষ সেটাই সত্য ধরে নিয়ে তাঁর ‘ন্যায়’ নীতিকে জনগণ প্রত্যাখান করেছে ও তিনি দুইবার বিবাহিত, উপরন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী বিদেশি, অতএব প্রকারান্তরে নীতিভ্রষ্ট, নিদেনপক্ষে কংগ্রেসি বা বামপন্থী খোপে ফেললেন তাঁকে। কেউ কেউ আবার এক কাঠি ওপরে উঠে নিজেদের বিজ্ঞতার জানান দিতে এমনও বললেন যে দারিদ্রই তাঁকে মহার্ঘ করেছে।

এবার যেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অভিজিতের সাক্ষাৎ হল, বয়ানটি হয়ে যেতে শুরু করল উলটো। এবার আরেক দফা হতভম্ব হয়ে পড়ার পালা। যারা তাঁকে দ্বিতীয় বিয়ে নিয়ে খোঁটা দিচ্ছিলেন তাঁরা এবার হয়ে পড়লেন তাঁর গুণগ্রাহী এবং ভারতীয় অর্থনীতি পরিকল্পনায় তাঁর সাহায্য নেওয়ার কথাও ঘোষণা দিয়ে দিলেন। আর সেই প্রথম পক্ষ যারা তাঁর দারিদ্র দূরীকরণ কর্মযোগে বৈপ্লবিক সম্ভাবনা দেখছিলেন ও মোদি বিরোধী এক প্রবল প্রতিপক্ষকে খুঁজে পেয়েছিলেন তাঁরা এবার ভ্যাবাচ্যাকা খেয়ে হয় খানিক চুপ করলেন বা আসলে তো তিনি পুঁজিবাদের পক্ষেই কাজ করছেন এইসব যা হোক আমতা আমতা করে বলে আপাতত রণে ভঙ্গ দিলেন। আর এসবের ফাঁকেই অভিজিৎ পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি একজন আপাদমস্তক পেশাদার এবং যে কোনও দল বা সংস্থা তাঁর মতামত চাইলে তা তিনি দিতে রাজী। বিপ্লব ও হিন্দুত্ব দুইই সাঙ্গ হল, নটে গাছটিও মুড়লো।

এবার তিনি নিশ্চিন্তে চলাচল করুন, স্বাধীন মতে কাজ করুন এবং যা মনে করেন তাইই লিখুন, বলুন। বিমুদ্রাকরণ কার্যক্রমের বিরুদ্ধে বা ভারতীয় অর্থনীতির খারাপ অবস্থা সম্পর্কে বললেই তিনি যেমন কংগ্রেসি বা বামপন্থী হয়ে যান না, তেমনই আমলাতন্ত্রকে মোদি সবক শিখিয়ে ভালই করছেন বললেও তিনি বিজেপি বা হিন্দুত্ববাদী হয়ে যান না। তিনি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন ভাবে কাজ করছেন, সে কাজের ভালমন্দ আছে, তিনি তাঁর বহুমূল্য কাজের স্বীকৃতি পেয়েছেন। কলকাতার ছেলে, আমাদের ঢঙে চলেন, বলেন, বাঙালিয়ানায় পুরোদস্তুর, আমাদের গর্বের কথা। তাঁর কাজে অনেক মানুষের উপকারও হয়েছে, হচ্ছে, সেও বড় কথা। তাঁর কাজের সমালোচনাও গড়ে উঠবে, তাও খুব স্বাভাবিক। কিন্তু তাঁকে স্রেফ আপনাদের খেয়ালে গড়া রাজনীতির খোপে পুরে দেবেন না। কারণ, আজকের রাজনৈতিক অর্থনীতির ভুবনে অমন সাদা-কালোয় গড়া কোনও নির্দিষ্ট খোপও কিছু নেই।             

Sunday, 13 October 2019

কাশ্মীর নিয়ে দু-চার কথা

৩৭০  ধারা বাতিলের কৃতিত্ব কংগ্রেসেরও 
 সৌমেন  নাগ
১৯৪৭  সালের ১৫ আগস্ট  ব্রিটিশ  ঔপনিবেশিক শাসকের হাত  থেকে ভারতকে দ্বিখণ্ডিত করে ক্ষমতার বাটোয়ারার মাধ্যমে শাসন ভার পাওয়ার পর ধরে নেওয়া হয়েছিল, এবার  দুই  সম্প্রদায় তথা দুই দেশের শাসকেরা অন্ততপক্ষে লক্ষ লক্ষ মানুষের সব হারানোর আর্তনাদের বিষাদঘন ঘটনাগুলির কথা মনে রেখে উভয় খণ্ডের মধ্যে শান্তির প্রচেষ্টায় ব্রতী হবেন। কিন্তু ১৫ আগস্ট  থেকে ২৭ অক্টোবর- মাত্র তিন মাসের মধ্যেই উভয় দেশের সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ল একে অপরের বিরুদ্ধে। লক্ষ্য কাশ্মীরের দখল। ১৯৪৯ সালের ১ জানুয়ারি উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। কাশ্মীর দ্বিধাবিভক্ত হয় যুদ্ধ বিরতির রেখা বরাবর। ২৭ জুলাই ১৯৪৯ রাষ্ট্রসঙঘের ভারত-পাকিস্তান বিষয়ক কমিটির উপস্থিতিতে করাচীতে উভয় দেশ যুদ্ধবিরতি রেখা চিহ্নিত করে যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল, মনে করা হয়েছিল এই রেখাটিকেই উভয় দেশের সীমানা চিহ্নিত করে একটা স্থায়ী সমাধান হতে পারে; দেশের সাধারণ মানুষ এই যুদ্ধের উত্তাপ থেকে সরে এসে নতুন করে তাদের ভাঙা ঘরে ভবিষ্যৎ গড়ার কাজে শান্তিতে অবশিষ্ট খুদকুড়ো নিয়ে আত্মনিয়োগ করতে পারবে। সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ শান্তি চাইলেও সেই শান্তি যে ক্ষমতার কারবারীদের ক্ষমতাকে ধরে রাখতে অনিশ্চয়তার আশঙ্কার সামনে দাঁড় করিয়ে দেয় অশান্তিকে টিকিয়ে রাখতে, তাই তারা আজকের দুনিয়ায় নবতম ভয়াবহ অস্ত্র ধর্ম ও জাতিগত বিভেদ নীতিকে ব্যবহার করে।

৭০ বছর ধরে জম্মু-কাশ্মীর-লাদাখ নিয়ে  চলেছে ভারত পাকিস্তানের রাজনৈতিক লড়াই। তিন তিনটি যুদ্ধের উত্তাপ সইতে হল উভয় দেশের মানুষকে। এখনও প্রতিদিন যুদ্ধের হুমকির উত্তেজনার তাপে উভয় দেশের মানুষের ক্ষুধার রুটি সেঁকার পরিবর্তে উত্তেজনার অনিশ্চয়তার ভাবনাকে সেঁকতে হচ্ছে। কতদিন  চলবে একে অপরের বিরুদ্ধে এই মানসিক লড়াইয়ের বন্দীশালায় আটকে রেখে মূল সমস্যাগুলি থেকে তাদের দূরে রাখার এই কৌশলের খেলা? এবার  তো সময়  এসেছে এর এক স্থায়ী  সমাধানের।

লড়কে লেঙ্গে পাকিস্তান বা লড়কে লেঙ্গে হিন্দুস্থানের মতো লড়কে লেঙ্গে কাশ্মীর যে সম্ভব নয় এটা জেনেও আমাদের  রাজনৈতিক প্রভুরা তাদের ভোট মৃগয়ার স্বার্থে বাস্তব কথাটা বলতে পারছেন না। সেদিন জহরলাল নেহেরু যুদ্ধ  বিরতির কথা ঘোষণা না করলে সম্পূর্ণ  কাশ্মীর আজ ভারতের অংশ হত, সৃষ্টি  হত না আজাদ কাশ্মীর-  এইসব বিলাপের কোনও মূল্য বর্তমান আন্তর্জাতিক বিন্যাসে নেই। অতীতের রাষ্ট্রনেতার কোনও চুক্তি সেই শাসনের অবসানের সঙ্গে বাতিল হয় না। তাহলে তো জার শাসনের চুক্তি বলে আলাস্কায় আমেরিকার অধিকার বাতিল হয়ে  আবার রাশিয়ার অধিকারে চলে আসত। চীন তখন দুর্বল ছিল বলে শক্তিশালী ব্রিটিশ শাসকদের তৈরি ডুরান্ড বা ম্যাকমোহন লাইনকে সীমানা বলে মেনে  নিয়েছিল, তাহলে তো চীনের এই যুক্তি মেনে ভারতের অনেক এলাকা চীনের হাতে  দিয়ে  দিতে হয়। আবার শক্তিশালী মাঞ্চুরিয়া সাম্রাজ্যের আমলে চীনের অধীনে যে বিশাল  এলাকা এসেছিল তা আজকের  তথাকথিত  সমাজতান্ত্রিক চীনের দাবি  অনুসারে  মেনে  নিলে ভারতও তাহলে  দাবি  করতে পারে, অতীতের ভারতীয় সম্রাটরা দক্ষিণ-পূর্ব এশিয়ার যে বিশাল এলাকা জুড়ে  তাদের  সাম্রাজ্য  বিস্তার  করেছিল সেগুলি আজ ভারতের অন্তর্ভুক্ত  হবে। আজকের বাস্তবতায়  যা সম্ভব তাকে বিবেচনায় এনে সমস্যার স্থায়ী  সমাধানের পথ খুঁজতে হবে। বার্লিনের প্রাচীর ভেঙ্গে দুই জার্মানি এক হওয়ার মতো ভারত ও পাকিস্তানের দ্বি-জাতিতত্ত্বের প্রাচীর সরে গিয়ে  আবার  দুই  দেশ এক হবে, এই সুখস্বপ্ন সত্যি হলে তার থেকে সুখকর আর কিছু  হতে পারে না। কিন্তু বাস্তবকে  নিয়ে  ভাবতে হবে। খোঁজ  করতে হবে মীমাংসার পথ।

স্বরাষ্ট্রমন্ত্রী  লোকসভায়  ঘোষণা  করেছেন,  শুধু  পাকিস্তান  অধিকৃত কাশ্মীর নয়, চীনের দখলে  থাকা লাদাখকেও তিনি  মুক্ত করবেন। প্রতিটি  ভারতবাসী তাই চায়। তবে চাওয়া  ও পাওয়ার  মাঝে  যে বিশাল ফাটল তাকে অতিক্রম করার পথও যে বলা দরকার। আপাতত  চীন এই আলোচনার বাইরে  থাক। পাকিস্তানের  দখলে  থাকা কাশ্মীর যা আজাদ কাশ্মীর নামে পরিচিত তার সম্পর্কে  তো আমাদের  জানাটাও অনেকটা ভাসা ভাসা।

পাকিস্তানের অধীন এই এলাকাটির দুটি ভাগ। একটি আজাদ কাশ্মীর। এটি জম্মু ও কাশ্মীর  প্রদেশের পশ্চিম অংশ। আয়তন  ৫১৩৪ বঃ কিমি যা পাক অধিকৃত কাশ্মীরের ১৫ শতাংশ এবং সমগ্র  জম্মু ও কাশ্মীর রাজ্যের ৬ শতাংশ মাত্র। তুলনামূলক ভাবে পাক অধিকৃত কাশ্মীরের উত্তরাঞ্চলের  আয়তন অনেক বড়। পাক অধিকৃত  কাশ্মীরের ৮৫ শতাংশ। এই অঞ্চলটি প্রায় জনবিরল। তবে মনে রাখা দরকার, গিলগিট এজেন্সি ও বালতিস্থান নিয়ে এই উত্তরাঞ্চল ব্রিটিশ রাজনৈতিক প্রতিনিধির নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক বাঁধনে কাশ্মীরের আংশিক নিয়ন্ত্রণে থাকলেও এটি সম্পূর্ণ  ভাবে কাশ্মীরের  অংশ ছিল না।  ব্রিটিশ প্রতিনিধি মেজর ব্রাউনের প্ররোচনায় গিলগিট এজেন্সির আদিবাসী নেতারা সেখানে পাকিস্তানের পতাকা উত্তোলন  করে তারা পাকিস্তানে যোগ  দিয়েছে বলে ঘোষণা করেছিল। চীন, তিব্বত, আফগানিস্তান ও রাশিয়ার সীমান্তবর্তী  বলে এর সামরিক গুরুত্ব  খুব বেশি। গিলগিট ও বালতিস্তান  নিয়ে  গঠিত  এই অঞ্চলের জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ অংশ শিয়া এবং আদিম জনজাতি। এরা নিজস্ব নেতা দ্বারা শাসিত। পাকিস্তানের  দখলে  থাকলেও এরা সেখানকার  আইন রীতিনীতির খুব একটা ধার ধারে না।

কাশ্মীরের মানুষের  আত্মনিয়ন্ত্রণের  অধিকার  অবশ্যই  আছে। তাদের যদি মনে হয় সেই অধিকার  খর্ব  হচ্ছে, তাদের  আন্দোলনেরও অধিকার আছে। এই অধিকার শুধু কাশ্মীরীদের ক্ষেত্রে নয় সব সম্প্রদায় তথা জাতির আছে। কিন্তু  এই অধিকারে যদি ধর্মীয় পরিচয় প্রধান হয়ে দাঁড়ায় তখন কিন্তু  তাকে আর আত্মনিয়ন্ত্রণের আন্দোলন বলা চলে না। সেটা  হয়ে  দাঁড়ায় সাম্প্রদায়িক ভাবনার প্রকাশ। এখানেই  মানবাধিকার  সংগঠনগুলির দুর্বলতা প্রকট হয়ে পড়ছে। এরা রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে প্রতিবাদে মুখর হয় অথচ মৌলবাদী মুসলিম সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বহু ক্ষেত্রেই এক আত্মক্ষয়ী  নীরবতা পালন করে বলেই সাধারণ মানুষ তাদের প্রতিবাদকে ভোট  রাজনৈতিক  দলগুলির মতো মুসলিম  তোষণ বলে তাদের পাশে আসতে  চান না। অথচ সাধারণ মুসলিম জনগোষ্ঠী কিন্তু  এই সন্ত্রাসবাদী  ইসলামি ভাবনাকে সমর্থন করে না। এই প্রসঙ্গে  আরও  একটি প্রশ্নের উত্তর দেওয়ার দরকার  ছিল। কারা কাশ্মীরী? কাশ্মীরী পণ্ডিতরা কি কাশ্মীরী নয়? ধর্ম  বিশ্বাসে তারা হিন্দু  বলে কাশ্মীর থেকে সাম্প্রদায়িক  ইসলামিক সন্ত্রাসবাদীদের আক্রমণ থেকে বাঁচতে দলে দলে তাদের জন্মভূমি কাশ্মীর  থেকে তারা পালিয়ে এসে উদ্বাস্তু শিবিরে আশ্রয়  নিয়েছিল, তখনই  তো সব ধর্মনিরপক্ষ সংগঠনগুলির বোঝা দরকার  ছিল যে এই ঘটনা পাল্টা  আরেক ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির জন্ম  দেবে। কাশ্মীরের  এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সৈয়দ আলীশাখ গিলানী তাঁর ‘কাশ্মীর নভ-ই হুরিয়ত’ বইতে  লিখেছেন, তাঁরা কাশ্মীরী বলতে শুধু  কাশ্মীরী মুসলিমদেরই মনে করেন। তাই তিনি ‘হিন্দু’ ভারতের  পরিবর্তে ইসলামিক  পাকিস্তানের  সঙ্গে  কাশ্মীরকে যুক্ত  করার দাবি  করেন। এর কারণ হিসেবে তাঁর আরও যুক্তি, কাশ্মীরী মুসলমানরা ভাষা, বর্ণ, সংস্কৃতি, সভ্যতা, আচার-ব্যবহার ও চিন্তায় এক পৃথক জাতি। এদের ঐক্যের ভিত্তি ইসলাম।

প্রশ্নটা যে এখানেই। ধর্মীয় পরিচয় কি মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণ বা পৃথক এক জাতির পরিচয়
নিয়ে  এভাবে বিচ্ছিন্ন হবার অধিকারের দাবি করতে পারে? ভারতের প্রায় ৮০ শতাংশ হিন্দু সেই দাবিতে যদি ভারত নিজেদের হিন্দু  রাষ্ট্রের আত্মনিধনকারী সিদ্ধান্ত  নেয় তবে গোয়া, নাগাল্যান্ড কোথায়  যাবে? সেখানে তো অধিকাংশ খ্রিস্টান। শিখদের কিছু  অংশ যে পৃথক শিখ রাষ্ট্রের দাবি করছে তার কী হবে? মানবাধিকারের অর্থ তো খণ্ডিত মানবাধিকার  হতে পারে না। ধর্ম বিশ্বাস আর মানবাধিকার যদি এক হত তবে পৃথিবীতে এত যুদ্ধের ঘটনা ঘটত না। খ্রিস্টান হিটলার আক্রমণ করত না খ্রিস্টান ধর্মভাইদের। লড়াই হত না ইরান ইরাকের। পাকিস্তানের সেনার হাতে নিহত হত না পূর্ব পাকিস্তানের  লক্ষ লক্ষ মুসলমানেরা।

বিহার থেকে রুটি রোজগারের তাগিদে যেদিন মজুরেরা কাশ্মীরের ইটভাটায় কাজ করতে গিয়েছিল, তারা হিন্দু, এই বিচারে  যখন  তাদের  সারিবদ্ধ ভাবে  দাঁড় করিয়ে গুলি করে হত্যা  করা হয়েছিল, কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করে এই উপত্যকায় যখন সম্পূর্ণ ইসলামিকরণের আত্মক্ষয়ী  ভাবনার প্রকাশ  শুরু হয়েছিল, তখনই  তো দেশের সব শক্তির একযোগে এর প্রতিরোধে এগিয়ে আসার কথা ছিল। বিজেপি  প্রতিবাদ  করেছিল তার রাজনৈতিক  অঙ্ক  কষে। যত বেশি  হিন্দু  আক্রান্ত  হবে তত সে তার হিন্দু ঐক্যের সাম্প্রদায়িক তাসকে ব্যবহার করতে পারবে। আজ বিজেপি  সেই  রাজনৈতিক পাশা খেলায় জয়ী হওয়ায় তথাকথিত প্রগতিবাদীরা এখন সর্বনাশের রব তুলেছেন। তারা যদি  কুরু  রাজসভায় দ্রৌপদীর লাঞ্ছনার সময় কুরু মহারথীদের মতো এমন ভাবে মুখ লুকিয়ে  না রেখে কাশ্মীরের সন্ত্রাসের প্রশ্নে রাষ্ট্রীয় সন্ত্রাসের  বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি এই তালিবানী সন্ত্রাসের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ  করতেন তবে কিন্তু  বিজেপির এই বিজয় নিয়ে এমন  অসহায়  আত্মবিলাপ করতে হত না। পাকিস্তানের হানাদারদের হাত থেক কাশ্মীরকে বাঁচাতে ব্রিগেডিয়ার  ওসমানের সেই অভূতপূর্ব  বীরত্ব  ও শহীদ  হওয়ার  ইতিহাস  আজকের  প্রজন্মের কাছে উপযুক্ত মর্যাদায় যদি তুলে ধরা হত তবে বুরহান ওয়নিরা এমন  ভাবে উপস্থিত হত না।

অমরনাথ  শিবলিঙ্গ  তো আবিষ্কার  করেছিলেন এক কাশ্মীরী মেষপালক মুসলিম। তার পরিবার তখন  থেকে  এই পবিত্র  শিবলিঙ্গের রক্ষণাবক্ষেণ করে আসছে। ২০০৮ সালে ৪০ একর জমি অমরনাথ শ্রাইন বোর্ডকে দেওয়া  হয়েছিল সেখানে তীর্থযাত্রীদের জন্য একটা  স্থায়ী  বিশ্রামাগার  নির্মাণের জন্য। এতে স্থানীয় কাশ্মীরীদেরই সুবিধা হত। অথচ গিলানীদের মতো বিচ্ছিন্নতাবাদী  সাম্প্রদায়িক  শক্তিগুলি এর বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন সৃষ্টি  করলে জম্মুতে তার পাল্টা যে পথ অবরোধ  হয়েছিল তাতে কিন্তু  সেখানে হিন্দু  ও মুসলমান উভয়েই সামিল হয়েছিল। কারণ, অমরনাথ  তীর্থযাত্রার ওপর এই রাজ্যের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল।

৩৭০ ধারার ইতিহাস ও তার বিলোপ  নিয়ে  ইতিমধ্যেই  বহু  আলোচনা  হয়েছে এবং হবে। একচক্ষু  হরিণের মতো এই বিলোপ নিয়ে শুধুমাত্র বিজেপির সাম্প্রদায়িক  রাজনীতির দিকে আলোচনাকে নিক্ষেপ করলে কিন্তু  নিজেদের  দায়কে এড়ানো যাবে না। এতগুলি ধর্মনিরপক্ষে দল ও সংস্থা  থাকতেও  বিজেপি কেন  আজ এমন অপ্রতিহত  গতিতে  তাদের পেছনে  ফেলে  দেশের শাসনক্ষমতায়  আসতে পারল তার উত্তর দেওয়ার  দায়  থাকলেও  তা দিতে  না পারলে মানুষ  কিন্তু  বিজেপির কাছেই সেই  উত্তর খুঁজতে যাবে। খুঁজবে তাদের কাছেই আশ্রয়।

এক সময়ের সেই ‘লড়কে  লেঙ্গে  পাকিস্তান’ বা ‘ লড়কে  লেঙ্গে  কাশ্মীর’ আজ অচল। রাজনাথের  পরমাণু অস্ত্র  ব্যবহার নীতি পরিবর্তনের ঘোষণা, অপরদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর হুমকি,  কোনওটাই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা  নেই। উভয়েই  যদি  আত্মহত্যা করতে চায় সে অন্য কথা। ভাবতে হবে এর সমাধানের কথা। ভুট্টো এক সময়  ভারতের  বিরুদ্ধে  কাশ্মীর  নিয়ে  হাজার বছরের  যুদ্ধের কথা ঘোষণা করেছিলেন। তার দেশেরই সামরিক  শাসক তাকে ফাঁসিতে ঝুলিয়ে  দিল। জহরলাল নেহেরু সেদিন যুদ্ধবিরতি ঘোষণা না করলে কী হত সেই  প্রশ্নের এখন কোনও মূল্য নেই। কাশ্মীরের  একটা  অংশ পাকিস্তানের  দখলে  আছে  ৭০ বছরেরও বেশি সময়  ধরে। মেনে  নেওয়া  হয়েছে অঘোষিত ভাবে লাইন অফ কনট্রোলকে সীমানা বলে। কাশ্মীর উভয় রাষ্ট্রের নায়কদের কাছে  তাদের ভোট রাজনীতির হাতিয়ার। উগ্র জাতীয়তাবাদ তাদের  মূলধন। সেই সুযোগে পৃথিবীর  ভয়ঙ্করতম শক্তি  ইসলামিক সন্ত্রাসবাদ সাধারণ মানুষের মনে প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছে। সোভিয়েত সমাজতান্ত্রিক প্রভাব  থেকে  মুক্ত  হতে চেয়ে তালিবানদের আগমনের সুযোগ করে দিয়ে  আজ শুধু আফগানিস্তান নয় সারা দুনিয়ার মানুষকে তার মূল্য পরিশোধ করতে  হচ্ছে। LOCকে সামনে রেখে দুই দেশ আলোচনা শুরু  করতে পারে কিনা ভেবে দেখলে ক্ষতি তো কিছু নেই। ভারত তো এক দলীয়  শাসনে চীনের মতো তার মাটিতে প্রতিবাদীদের ট্যাংকের চাকার তলায় পিষে মারতে পারবে না। পাকিস্তানের মতো সামরিক শাসকের হাতে দেশের মানুষের ভাগ্যকে সঁপে দিতেও পারবে না। ভারত গণতান্ত্রিক দেশ। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। কাশ্মীর আমাদের। কাশ্মীরের মানুষেরা আমাদেরই আপন লোক। তাদের  কোনও ভাবেই সন্ত্রাসবাদীদের শিকার  হতে দিতে পারা যায় না।

৩৭০ ধারা বাতিল করা নিয়ে  আজ যারা প্রতিবাদ মুখর  হয়ে  উঠেছে  তারা একটা সত্যকে অস্বীকার করছে। ৩৭০ ধারার বিলোপ কিন্তু কংগ্রেসের শাসনকালেই ঘটেছে। পণ্ডিত জহরলাল নেহেরুর আমলেই শেখ আব্দুল্লার মন্ত্রীসভাকে বাতিল করে তাকে কারারুদ্ধ করে বক্সী গোলাম মহম্মদকে কাশ্মীরের প্রধানমন্ত্রীর পদে বসানো হয়েছিল। সে সময় (১৯৫৪) ভারতের রাষ্ট্রপতির জম্মু-কাশ্মীরের  জন্য একটি সাংবিধানিক নির্দেশিকায় বলা হয়েছিল, জম্মু-কাশ্মীরে যে কোনও  বিষয়ে  আইন প্রণয়নের  ক্ষমতা  ভারত সরকারকে দেওয়া  হল। সেদিন গোলাম মহম্মদের উদ্যোগে জম্মু-কাশ্মীরের  বিধানসভায় তা অনুমোদিত  হয়েছিল। এভাবেই  তো ৩৭০ ধারা অবসানের  সূত্রপাত  হয়েছিল। ১৯৫৬ সালের ১৭ নভেম্বর জম্মু-কাশ্মীরের যে সংবিধান গৃহীত হয়েছিল, সেখানেই বলা হয়েছিল  জম্মু-কাশ্মীর ভারতের একটি  অবিচ্ছেদ্য অঙ্গ  হিসেবে  রয়েছে এবং থাকবে। তাহলে আজ ৩৭০  ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে যে ভারতের অন্য সব রাজ্যের মতোই এক সমমর্যাদার রাজ্যে রূপান্তরিত  করা হয়েছে তার পূর্ণ  কৃতিত্ব  যেমন বিজেপি  নিতে পারে না তেমনি  কংগ্রেসও এর বিরোধিতায় এভাবে  রাস্তায় নামতে পারে না।

তবে কাশ্মীর উপত্যকার সাধারণ মানুষ যাতে উপলব্ধি  করে যে তারা ধর্মীয় পরিচয় ছাড়াও পৃথিবীর  বৃহত্তম  গণতন্ত্রের এক গর্বিত নাগরিক, তা বুঝতে দেওয়ার  দায়িত্ব  কিন্তু  আমাদের  সবার। এখানেই প্রয়োজন খোলা মনে আলোচনা। পাকিস্তানের শাসকেরা এই আলোচনা  চায় না। কারণ, পাকিস্তানের  জন্মই হয়েছে  দ্বিজাতি তত্ত্বের ওপর দাঁড়িয়ে। তাদের  যুক্তি  ছিল, হিন্দু  ও মুসলমান  পৃথক  জাতি, তারা তাই একসঙ্গে  থাকতে পারে না। মুসলিমদের জন্য  চাই পৃথক ইসলামি পাকিস্তান। ভারতের  নেতৃত্ব তো দ্বিজাতি তত্ত্ব  মানতে  চায়নি। কমিউনিস্ট পার্টি অবশ্য স্তালিনের জাতি তত্ত্বকে সমর্থন  জানাতে ১৯৪২  সালের সেপ্টেম্বর  মাসের মাদুরাই প্লেনামে মুসলমানদের পৃথক জাতি  ঘোষণা করে তাদের পৃথক হবার অধিকারকে সমর্থন করে প্রস্তাব  নিয়েছিল। কংগ্রেসের মধ্যে কিছু  উগ্র হিন্দুত্ববাদী নেতারাও অবশ্যই মুসলিম লীগকে পৃথক হবার প্ররোচিত করার দায়ে অভিযুক্ত  হবে।

দ্বিজাতি তত্ত্ব মিথ্যা, এটা  প্রমাণিত হলে পাকিস্তানের জন্মই ভুল, তা স্বীকার করে নিতে হবে। পাকিস্তানের সামরিক শাসন নিয়ন্ত্রিত সরকারের টিকে থাকতে হলে তাকে ভারত বিরোধিতাকে বজায়  রাখতে হবে। এতে  কিন্তু  ভারতের লাভ। কারণ, পাকিস্তান যে একটি  ব্যর্থ রাষ্ট্র  তা প্রমাণিত। ইতিমধ্যেই সে হারিয়েছে পূর্ব পাকিস্তানকে। বালুচিরা বিদ্রোহের পতাকা তুলেছে। আমাদের দরকার  তাই এক সহনশীলতা। পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের মিত্র  ও ভাই। পাকিস্তানের  শাসক বিরোধিতা তাই কোনওভাবেই যেন পাকিস্তানী বিরোধীতায় রূপান্তরিত না হয়।

Friday, 11 October 2019

জলাতঙ্ক

নিজেরা সচেতন হই
সঞ্জয় মজুমদার
শিউরে ওঠারই কথা। আমাদের পৃথিবীর দুই-তৃতীয়াংশ শুধু জল। তার মাত্র ২ শতাংশ ব্যবহারযোগ্য, যার আবার ১.৩ শতাংশ হিমবাহ আর পোলার আইস-ক্যাপে মোড়া। অথচ বছরের পর বছর আমাদের দেশ এই দুর্লভ ব্যবহারযোগ্য জলসম্পদের পরিকল্পনাবিহীন যথেচ্ছ ব্যবহার করে আসছে। বিশ্বব্যাপী জল-সূচকের সমীক্ষায় ১২২টি দেশের মধ্যে আমাদের দেশের স্থান ১২০। নীতি আয়োগের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স ২০১৮'র তথ্য বলছে, ২০২০ থেকে ২০৫০ সালের মধ্যে ভারতের প্রায় সমস্ত মাঝারি ও বড় শহরের ভূগর্ভস্থ জলস্তর শূন্যে গিয়ে দাঁড়াবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেব করে দেখিয়েছে, প্রতিদিন একজন ব্যক্তির ২৫ লিটার জল দৈনন্দিন কাজে প্রয়োজন হয়, শুধু বেঁচে থাকার প্রয়োজনে অর্থাৎ রান্নাবান্না এবং পানীয় হিসেবে। আমাদের দেশের বর্তমানে সামগ্রিক জনসংখ্যাকে ২৫ দিয়ে যদি গুন করি তাহলে যে পরিমাণ ব্যবহারযোগ্য জলের মাথাপিছু প্রতিদিন প্রয়োজন, তার জোগান সরকার সুনিশ্চিত করতে পারছে কি? অথবা, পারবে তো?

পরিকাঠামো এবং নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত জলের পরিমাণের কোনও হিসেব নেই। এরপর খেলাধুলো, বিনোদন, পর্যটন এবং আরও কত অজস্র ক্ষেত্র পড়ে রয়েছে যেখানে একজন নাগরিকের খেয়ে বেঁচে থাকার বাইরেও জলের প্রয়োজন। না হলে বাণিজ্যে বসতি লক্ষ্মী হবে না। কোন দিকে যাবে সরকার ঠিক করুক। বিনে পয়সায় খাবার জল দেবে নাকি ব্যবসার প্রয়োজনে জল খরচা করবে। রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনস বাঁচিয়ে রাখার জন্য কত লিটার জল লাগে? আমাদের জলশক্তি মন্ত্রক হিসেব করে দেখেছে? আইপিএল প্রসঙ্গ টেনে আনা অত্যন্ত যুক্তিযুক্ত। যদিও সেটা প্রতীকী, কিন্তু ভাবতে হবে, এক টুকরো সবুজ মাঠ প্রয়োজন। কিন্তু স্পন্সর ও কর্পোরেট দুনিয়ার চাপে এত ঘনঘন মুনাফা অর্জনকারী টুর্নামেন্টের প্রয়োজন কতদূর? সাধারণ মানের একটা রেস্তোরাঁয় খেতে গেলেও ওয়েটার জিজ্ঞেস করেন, মিনারেল ওয়াটার নাকি রেগুলার ওয়াটার? একে তো প্লাস্টিকের বোতল, তার মধ্যে মিনারেল ওয়াটার! সুস্থ মস্তিষ্কে যার ব্যাখ্যা মেলে না। 'মিনারেল' এই অক্ষর সমষ্টি দিয়ে দেশের জনগণকে বোঝানো হয়েছে যে একমাত্র এই জল পান করলেই সুস্থ থাকা নিশ্চিত। ঠিক যেমন প্রজন্মের পর প্রজন্ম বোঝানো হয়েছে, গঙ্গাতে একমাত্র বিশুদ্ধ জল পাওয়া যায়; যার ধর্মীয় সংস্করণ 'পবিত্র' এবং তা শিব ঠাকুরের মাথায় ঢাললে দেবাদিদেব সব পাপ ধুয়ে দেবেন। সরকারি প্ররোচনায় শুধু পাপ ধুতেই দেশের জনগণ কতটা জল খরচ করে? মুখ দিয়ে টুঁ শব্দটা করা যাবে না, খুন হয়ে যেতে পারি। সত্যজিৎ রায়ের 'গণশত্রু' ছবির প্রতিটি সংলাপ যেন জীবন্ত।

যে জল না খেতে পেলে আমি মরে যাব, সেই পানীয় জল নিয়েও সূক্ষ্ম শ্রেণিবিভাগ। এই সাজানো প্রহসনের মানে কী? ভারতের নদ-নদী বিশ্বব্যাপী জলসম্পদের মাত্র ৫-৬ শতাংশ বয়ে নিয়ে যায়। আমাদের জানা আছে, নদী শুধু জল বহন করে না, পলিও বহন করে। তার পরিমাণ নেহাৎ কম নয়, প্রায় ৩৫-৪০ শতাংশ। ভারতের কৃষি ব্যবস্থা এখনও বৃষ্টির জল নির্ভর। অনুন্নত এবং অপ্রতুল সেচ ব্যবস্থা সমস্যা আরও বাড়িয়েছে। রেইন ওয়াটার হার্ভেস্টিং, ওয়াটার শেড ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এসব সরকারি পরিকল্পনাতেই আটকে আছে; দিনের আলোর যেটুকু মুখ দেখেছে তার বেশির ভাগটাই দালালদের পকেটে গেছে। পবিত্র গঙ্গাকে নিয়ে অপবিত্র অ্যাকশন প্ল্যান বছরের পর বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্বসুরীদের কথা ছেড়েই দিলাম, বারাণসীর মাননীয় সাংসদ আজ আমাদের সম্মাননীয় প্রধানমন্ত্রী। নিন্দেমন্দ করছি না, কিন্তু প্রশ্ন তো করতেই পারি। এর সঙ্গে আছে অচেতন নাগরিকদের দায়িত্বজ্ঞানহীন নদীর জলের ব্যবহার এবং শিল্প-বর্জ্য। গোদের উপর বিষফোঁড়া।

ভারতের ৭০ শতাংশের উপর ব্যবহারযোগ্য জল দূষিত হয়ে গেছে এমনি এমনি নয়। একটার পর একটা স্থানীয় জলাভূমি, পুকুর বুজিয়ে বাড়ি উঠেছে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে প্রোমোটার-রাজকে যথেচ্ছভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। আমাদের নিজেদের বোধবুদ্ধিও তারিফযোগ্য। নির্দিষ্ট পাত্রে প্রয়োজন মতো জল ধরে যেটুকু দরকার সেটুকুই পরিবারের সদস্যরা ব্যবহার করব, এটুকুও কি আমরা করি? সরকারকে গালমন্দ করার আগে, কর্পোরেট দুনিয়াকে ঢিল মারার আগে নিজের দিকটা ভেবে দেখতে হবে। দিনের শেষে ঘুমের দেশে যাওয়ার আগে সুরাপায়ীরা(নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত) কত গ্যালন জল খরচ করে? পণ্ডিতেরা বলছেন, দূরদর্শীরাও বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি জলের জন্যই হবে। এখনই কি যুদ্ধ কিছু কম হচ্ছে? আচ্ছা, একটা পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনা করতে কত জল লাগে?  হিজিবিজবিজ হেসে গড়াগড়ি খাচ্ছে। হাসি থামছেই না।


Wednesday, 2 October 2019

গান্ধী

স্বরাজ আমার জন্ম অধিকার
অনিন্দ্য ভট্টাচার্য
এই মানুষটি বিচিত্র পরিসরে অবিচল হেঁটেছেন। এমন কোনও বিষয় নেই যার ওপর তিনি তাঁর মতামত জ্ঞাপন করেননি। তাঁকে কেউ ভয়ঙ্কর আপসকামী, ধনীদের অনুগ্রহপ্রার্থী ইত্যাদি ভূষণ আরোপ করেছেন, কেউ বা তাঁকে যুগপুরুষ, মহাত্মা, দুর্বলতম মানুষের পথপ্রদর্শক আখ্যা দিয়েছেন। তিনি সর্বদাই বিতর্কিত, বহু আলোচিত ও দ্বন্দ্ব-কীর্ণ। আজও পৃথিবীর অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তিনি সমাদৃত।

এ সবই আমরা জানি। তাঁকে নিয়ে খুব বেশি কিছু নতুন করে বলারও নেই। তিনি একেক অস্তিত্বে একেকজনের কাছে এখনও সবাক। তিনি বহুরূপে, বহু অর্থে, নানান ব্যাপ্তিতে মূর্ত। তাঁকে আপন বোধের মাধুরীতে বোঝা যায়, ধরা যায় না। এ হেন বহুগামী, বিস্তৃত চরাচরে ব্যাপ্ত ব্যক্তিত্বের সুতোটি কোথায় বাঁধা তবে? সেও এক রূপকল্পনা।

তাঁর মূল অভিঘাতটি বোধহয় 'স্বরাজ'। আপন রাজ। সে রাজের অধিষ্ঠান কোথায়? নিজের অন্তর্লোকে, গভীর চৈতন্যে। এ তাবৎকালের সমস্ত রাজনৈতিক প্রজ্ঞাকে অস্বীকার করে 'স্বরাজ' ছিল তাঁর নিজস্ব অভিজ্ঞান। শাসক যেই হোক, স্বরাজের বীক্ষা বলে, আমার অধিকারে, পরিসরে হস্তক্ষেপ এলে আমি প্রতিরোধ করব - প্যাসিভ রেজিসটেন্স। যার মূর্ত প্রকাশ: অসহযোগিতা। আর সেই আন্দোলনেই অগ্নিপরীক্ষা। কারণ, অসহযোগিতা তখনই সফল হতে পারে যদি তাতে সামিল হয় জনসাধারণের বিপুল অংশ। মানুষের এই বিশাল সমাগমই গণতন্ত্রের মূর্ত প্রতীক। তাঁর স্বরাজ চিন্তা এই বয়ানের ওপরেই দাঁড়িয়ে।

লবণ আইন অমান্যে সবরমতী আশ্রম থেকে ৩৮৮ কিলোমিটারের পথ ডান্ডির উদ্দেশ্যে যেদিন তিনি হেঁটে রওনা দিলেন, তাঁর সঙ্গে ছিলেন মাত্র ৭৮ জন সত্যাগ্রহী। ভারতের বড়লাট এ খবর শুনে খুব স্বস্তিতে ছিলেন যে গান্ধীর এই 'পাগলামো'তে তিনি অন্তত কিছুদিন শান্তিতে ঘুমতে পারবেন। ২৮ দিন পায়ে হেঁটে তিনি যখন ডান্ডি পৌঁছলেন তখন অন্তত ৩০ লক্ষ মানুষ তাঁর পেছনে সমবেত হয়েছেন। এই সমাগমই রাজনৈতিক বার্তা। স্বরাজ তখন ব্যক্তি স্তর থেকে সামাজিক স্তরে ব্যাপ্ত। বলাই বাহুল্য, বড়লাটের নিশ্চিদ্র নিদ্রার দিবাস্বপ্ন অধরাই থেকে গেল।

তিনিও জানতেন, তিনি যখন থাকবেন না তখন কী থাকবে। তা আজ বিশ্ব প্রত্যক্ষ করছে। একদিকে লোভ, লালসা, তঞ্চকতার দাসত্ব, অন্যদিকে নিঃস্ব হয়ে যাওয়া খেটে-খাওয়া মানুষের দঙ্গল - এই দুই পৃথিবীর মধ্যেই পরিব্যাপ্ত হয়ে আছে স্বরাজ। ইতিহাসকে উলটো করে পেশ করেছিলেন তিনি - যদি তুমি সব থেকে পিছিয়ে পড়া মানুষটি নিজেকে সর্বাগ্রে স্বরাজের আসনে বসাতে পার তাহলে শাসক আর পেরে উঠবে না তোমার সঙ্গে। এইভাবেই অসহায়, পীড়িত মানুষের ভাবনায় ও কর্মে স্বরাজ এলেই বৃহত্তর রাজনৈতিক,  সামাজিক, অর্থনৈতিক প্রাঙ্গণেও স্বরাজ তখন বাধ্যত আসবে।

এই অসম সাহসী চিন্তককে সার্ধশতবর্ষের বিনীত প্রণাম। তিনি দৃশ্যত ইউটোপিয় কিন্তু চিন্তায় সদর্থক।তিনি আপাত ক্ষণিকে দুর্বল কিন্তু  চিরঅবধ্য। তিনি কার্যত বিস্মৃত কিন্তু নিয়ত চলমান ভূখণ্ডের প্রতি পল-অনুপলে।